
মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি’র) পৃথক ২টি অভিযানে ফেন্সিডিলের বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং মসলাজাতীয় দ্রব্যাদি উদ্ধার।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ মার্চ ২০২৬ রাতভর ০২টি অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি হতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত ১৭৭ মেইন পিলার হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভিতর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামস্থ জনৈক লিটু মিয়ার মসলা মিলের পশ্চিম দিকে অবস্থিত ০১টি গোয়াল ঘরে অভিযান চালায়। এ অভিযানে
একজনকে ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় আটক করে। ধৃত মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে ইব্রাহিম (৫০)।
পরবর্তীতে বস্তাগুলোর মধ্য হতে ফেন্সিডিল এর বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়।
একইদিন অপর একটি অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে আমবাগান হতে বিজিবি টহল দল ১০০ বোতল নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল সহ আটককৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ৪০০০ বোতল ফেন্সিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





















