কবির হোসেন রাকিব ,(লক্ষ্মীপুর): থেকে
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘লুদুয়া সড়কের মাথা’ থেকে ‘পাটোয়ারীর হাট’ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলার ৫ নং চর ফলকন ইউনিয়ন এবং ৬ নং পাটোয়ারীর হাট ইউনিয়ন—এই দুই বিস্তীর্ণ এলাকার সংযোগকারী প্রধান পথটি এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য আতঙ্কের নাম বা এক মরণফাঁদে রূপ নিয়েছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী এবং বয়োবৃদ্ধরা। কিন্তু সড়কটির পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দ ও মারাত্মক গর্তের সৃষ্টি হওয়ায় হালকা ও ভারী যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদামাটিতে একাকার হয়ে যায়, ফলে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে করে প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনগুলোকে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দুই ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য যোগাযোগের জন্য সড়কটি অত্যন্ত জরুরি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না, অন্যদিকে জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগী ও বৃদ্ধদের হাসপাতালে নিতে গিয়ে পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।
এ বিষয়ে কমলনগর উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সড়কটির গুরুত্ব বিবেচনা করে ইতোমধ্যে পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে স্থানীয় ভুক্তভোগী জনগণের জোর দাবি, কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বেহাল এই সড়কটি টেকসই সংস্কারের বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হোক।


















