মোঃ আরিফুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর (৪র্থ ডোজ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ক্যাম্পের মাধ্যমে ৩ থেকে ১২ মাস বয়সী ২৯ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।
প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত সময়ে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য খামারি ও প্রাণিপালনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এসএএলও, ভ্যাকসিনেটর, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।


















