(রংপুরে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার আরপিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন)
আবুল হোসেন বাবলুঃ
রংপুরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী, কাপড়সহ বিভিন্ন নকল পণ্য উদ্ধার ও নানা ধরনের অপরাধ দমন সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে আরপিএমপি কমিশনার পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, আরপিএমপি’র কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার পুলিশের বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানীর পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা, সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া গত ৩ মাসে রংপুর মহানগর পুলিশ ৩১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৮২ জন মাদক কারবারী, ৫৩ জন এসির তামা চোর চক্রের সদস্য, ৩২ জন নারী ও শিশু নির্যাতন মামলার আসামী, ৫ জন হত্যা মামলার আসামী, ১২ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য সহ ৯২৬ জন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এতে ১০ বস্তা তামার তার, ৩ হাজার পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ফেন্সিডিল, টাপেন্টাডল, মরফিন ইনজেকশনসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, অনলাইন এবং অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এক্ষেত্রে তথ্য পেলেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া নগরীর যানজট এড়াতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মারুফ আহমেদসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।






















