ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ফলে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে নিয়মিত শিক্ষাকার্যক্রম চালু হবে।
এদিকে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকলেও দিনটি সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ কেউ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হওয়ায় চলতি বছর ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
























