মো: হাবিবুর রহমান হাবিব, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি পণ্যবাহী ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি অটোরিকশাটিকে সামনাসামনি সজোরে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারুল ইসলাম আকাশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহতরা হলেন— বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমীন (পিতা: জাহারত), বুড়িমারী উফারমারা গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুন ইসলাম (৩৬) (পিতা: মৃত হাফিজার), একই গ্রামের মো: মোস্তাকিন (১৭) (পিতা: মনিরুল ইসলাম) এবং আমানতুল্লাহ প্রধান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম আকাশ।
দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।



















