হাবিবুর রহমান হাবিব, (লালমনিরহাট) প্রতিনিধি:
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে লালমনিরহাট ও নীলফামারী সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে তিন শীর্ষ চোরাকারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ভারতীয় জিরা, আতশবাজি, প্রসাধনী সামগ্রী ও একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ থানারহাট বিওপির একটি বিশেষ টহলদল নীলফামারীর ডিমলা উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৭৯০ থেকে আনুমানিক ১,০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা পিছু ধাওয়া করে মো. সুমন আলী (৩৯) ও মো. শাহিন আলম (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন। পরে তাদের তল্লাশি করে ১৮ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ৪টি সিমকার্ড জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত মালামালসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর শ্রীরামপুর ও বড়খাতা বিওপির সদস্যরা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্ত এলাকায় পৃথক দুটি সাঁড়াশি অভিযান চালান। পাটগ্রামের শ্রীরামপুর মোল্লারটারী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, আতশবাজি, সাবান, শ্যাম্পু ও শনপাপড়ি জব্দ করা হয়। একই দিনে হাতিবান্ধার দোলাপাড়া এলাকা থেকে ইয়াবা ও একটি অটোভ্যানসহ আরও এক চোরাকারবারীকে গ্রেপ্তার করে বিজিবি। এই অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭১ হাজার ৬৯৬ টাকা। আটককৃত আসামিসহ উদ্ধারকৃত মালামাল হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তে মাদকপাচার ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















