
মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন ও সালেহা বেগমের ছেলে রসুল মিয়া (৪২)।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ২১ জুলাই থেকে সমগ্র জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু করে। পরে ২৪ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে আজমতপুর হুদমাপাড়া এলাকায় রসুল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি হেরোইন এবং ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-৪৯, জিআর নং-২৫৩/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















