
আবুল হোসেন বাবলুঃ
রংপুর মহানগরীতে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে রংপুর মহানগর ট্রাফিক পুলিশ। ট্রাফিক সার্জনদের সাথে থেকে উক্ত অভিযানে ডিসি ট্রাফিক ও এডিসি ট্রাফিক এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৃহস্পতিবার ১৬ জুলাই মহানগরীর মেডিকেল মোড় ও বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করতে দেখা যায়।
এদিকে আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযানকালে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধভাবে দাঁড় করানো যানবাহন অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মেডিকেল মোড়ের বাম পাশে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থানরত কয়েকটি ভ্রাম্যমাণ দোকানকে সতর্ক করা হয়।
একই সঙ্গে অনিবন্ধিত, ঝুঁকিপূর্ণ ও ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ প্রতিবেদককে বলেন, “নগরবাসীর নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ দখল, অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। নগরবাসীর সহযোগিতাই একটি নিরাপদ ও যানজটমুক্ত রংপুর গড়ে তোলার প্রধান শক্তি।”
রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মারুফ আহমেদ বলেন, সড়ক ও শহরকে যানজট মুক্ত রাখতে হলে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হব। তিনি ফুটপাত দখলমুক্ত রাখতে সচেতন নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
























