
আবুল হোসেন বাবলুঃ
রংপুর নগরীর টপটেন মার্ট, ভিন্টেজ ওয়ার্ল্ড, রয়ালিটি মেগামল ও নিশাত বেনারশীসহ ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ১১ মার্চ রংপুর মহানগরীর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত পায়রা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় এলাকায় র্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে এ ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোড়ক বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টপটেন মার্টকে ৫০ হাজার, ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার, রয়ালিটি মেগামলকে ৩০ হাজার এবং নিশাত বেনারশীকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।





















