মোঃ শাহজাহান বাশার
রাত ৮টার পর দোকানপাট বন্ধ এবং প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) তারেক রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত ৮টার পর খোলা থাকা বিভিন্ন দোকানপাট পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে দোকান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বিভিন্ন স্থানে প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারের নির্দেশনা কার্যকর করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য না করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) তারেক রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। জাতীয় স্বার্থে এ বিষয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিয়মিত তদারকির ফলে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।



















