মোঃ শাহজাহান বাশার| ঢাকা | ৫ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া শরীফ-এর পূর্ণসংস্করণ কাজ সম্পন্ন হওয়ায় বুধবার (৫ আগস্ট) দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ইসলামের শান্তি, মানবতা ও আধ্যাত্মিক শিক্ষার প্রসারে খানকাহভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউছুল আজমের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ.) ও নবী বংশের ৩১তম নূরানী আওলাদ শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
হযরত সৈয়দ মইনুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ক.ছি.আ.) প্রতিষ্ঠিত এ খানকাহর পূর্ণসংস্করণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শত শত আশেকান-এ-রাসুল, দরবারের ভক্তবৃন্দ, খলিফাবৃন্দ, আনজুমানের নেতৃবৃন্দ, মইনীয়া যুব ফোরামের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ শরীফ, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে খানকাহ শুধু ইবাদতের স্থান নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের সুমহান আদর্শ প্রচারের অন্যতম কেন্দ্র। যুগে যুগে আওলিয়ায়ে কেরাম খানকাহকে কেন্দ্র করেই মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা, আধ্যাত্মিকতা ও মানবকল্যাণের শিক্ষা বিস্তার করেছেন।
প্রধান মেহমান শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.) তাঁর বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি খানকাহভিত্তিক দ্বীনি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে তিনি আখেরী মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য, বিশ্বমানবতার মঙ্গল এবং খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উত্তরোত্তর উন্নতি ও বরকত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আন্তরিকতার মধ্য দিয়ে আয়োজিত এ মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লি, আশেকান ও অতিথিরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন।















