মোঃ শাহজাহান বাশার
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন পণ্য ও যানবাহন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। রোববার ভোরে জেলার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকায় সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য পাওয়া যায়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রিপিস, রেডবুল ও মুভ মলম। এসব পণ্যের সঙ্গে ব্যবহৃত যানবাহনও জব্দ করা হয়েছে।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পণ্যগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।





















