মোঃআবু সাঈদ ইসলাম
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) কচাকাটা থানা শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট দুপুরে গাবতলা হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রংপুরের কারমাইকেল কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিক্রয় প্রতিনিধিদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন দেশের অর্থনীতিতে বিক্রয় প্রতিনিধিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে প্রতিনিয়ত তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই নিজেদের ন্যায্য অধিকার আদায় ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের মাধ্যমে মাঠপর্যায়ের বিক্রয় প্রতিনিধিদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
উক্ত সভায় BBPJ কচাকাটা থানা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিশেষে, সংগঠনটির স্থানীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


























