
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৭ আগস্ট (রবিবার), ২০২৫
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। এ ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) পেট্রোবাংলা, আশুলিয়া ও সাভারের জরুরি টিমের সহযোগিতায় জোবিঅ-আশুলিয়ার আওতাধীন গাজীপুরের কাজী মার্কেট, ভূঁইয়াপাড়া, সারদাগঞ্জ ও কাশিমপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক এক কিলোমিটার বিতরণ লাইন উচ্ছেদ করে ৫০০টি আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ১০০ মিটার পাইপলাইন অপসারণ/জব্দ করা হয়। এতে মাসিক প্রায় ১২ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।
একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব মিল্টন রায়ের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৬ এর আওতাধীন মিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন, ডেনিম এক্সপ্রেস অ্যান্ড ক্লথিং এবং জি কেয়ার বিডি-এর অবৈধ সংযোগের আলামত পাওয়া যায়। এছাড়া আনুমানিক ৩৯৫টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৪১৮ মিটার পাইপলাইন, ৫টি বার্নার অপসারণ/জব্দ এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জোবিঅ-জয়দেবপুর এলাকায় ইমার্জেন্সি ম্যানেজারের উপস্থিতিতে স্থায়ীভাবে বিচ্ছিন্ন গ্রাহকদের সংযোগ ওয়েল্ডিং করে বন্ধ করা হয়। এ সময় যাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা হলেন:
১। মো. আব্দুল হালিম (১৩২-২৭৩৪৮), পূর্ব জয়দেবপুর, গাজীপুর
২। মো. রেজাউল ইসলাম (১৩২-৮০৮২), ক্যাডেট কলেজ আবাসিক এলাকা
৩। মো. এনায়েত হোসেন (১৩২-৩১১৯৫), মারিয়ালী, গাজীপুর
৪। মো. রফিকুল ইসলাম (১৩২-১৬৯৪৫), পশ্চিম জয়দেবপুর, গাজীপুর
৫। নিউ গাজীপুর বিরিয়ানি হাউস (২৩২-২৩৩), মিতালী পাড়া, গাজীপুর।
এছাড়া জয়দেবপুরের পশ্চিম চাপুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি অবৈধ/বিলবইবিহীন রাইজারের ৭টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ১০০ ফুট পাইপলাইন জব্দ করা হয়।
মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এবং ভিজিল্যান্স বিভাগের টিম কেরানীগঞ্জ হাসনাবাদস্থ বসুন্ধরা রেডিমিক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরিদর্শনে দেখা যায়, একটি অবৈধ চুন কারখানা পানগাঁও-ধলেশ্বরগামী ২০ ইঞ্চি বিতরণ লাইন থেকে সরাসরি গ্যাস ব্যবহার করছে। পরবর্তীতে অপারেশন বিভাগের সহায়তায় ওই সংযোগ বিচ্ছিন্ন ও কিলিং/ক্যাপিং করা হয়। একইভাবে নামবিহীন আরেকটি অবৈধ চুন কারখানার ২০ ইঞ্চি×১৪০ পিএসআইজি বিতরণ লাইন সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে জরুরি ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন তুষারধারা, ভুইগড়, গিরিধারা ও ফতুল্লা (নারায়ণগঞ্জ) এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে টিপটপ মশার কয়েল (প্রধানীয়া কনজুমার প্রোডাক্টস), রাকি চানাচুর (ভাই ভাই ফুড প্রোডাক্টস), সুচি বিস্কুট (মদিনা এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ), নিউ একতা ওয়াশ, জাহান ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রি, রাকি চানাচুর-২ (অবৈধ বিস্কুট কারখানা) ও এন থ্রি ওয়াশিং-এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা এবং ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া জিআই পাইপ ৪২০ ফুট, ১/২ ইঞ্চি হোস পাইপ ১০০ ফুট, ৬টি স্টার বার্নার (১৫০ সিএফটি), ৩/৪ ইঞ্চি প্লাস্টিক হাইড্রোলিক পাইপ ৪০ ফুট, ১টি ব্লোয়ার, ১টি আবাসিক বার্নার, ১টি কম্প্রেসার, ১টি বুস্টার, ২টি আবাসিক রেগুলেটর এবং ৩টি এলপি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়।
তিতাস গ্যাস জানায়, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৬ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২৯৯টি শিল্প, ৩৮১টি বাণিজ্যিক ও ৬৭ হাজার ৪৯৭টি আবাসিক সংযোগসহ ৬৮ হাজার ১৭৭টি অবৈধ গ্যাস সংযোগ এবং ১ লাখ ২৮ হাজার ৯৯১টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ২৪৭.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি-এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. আল আমিন।





















