
আবুল হোসেন বাবলুঃ
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭তম ফাঁসি দিবসে কলেজ লাইব্রেরি প্রাঙ্গণে সোমবার দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ এর সভাপতিত্বে আলোচনা করেন, মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, সংগঠক কাফিউল ইসলাম, কলি রানী, জামী, রুবা আক্তার ও রনজিত রায় প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ ক্ষুদিরামের অসীম সাহসিকতা, আত্মাহুতি ও দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন, ক্ষুদিরামের জীবন ও সংগ্রাম আজও আমাদের মুক্তি ও সাম্যের পথে অনুপ্রেরণা জোগায়। ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনে যুক্ত হয়ে তিনি বৃটিশবিরোধী বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। ১৯০৮ সালের ৩০ এপ্রিল অবিভক্ত ভারতবর্ষের মুজাফ্ফরপুরে ইংরেজ বিচারক কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টায় বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার হয়ে, দীর্ঘ বিচার শেষে ১১ আগস্ট ফাঁসির মঞ্চে অটলচিত্তে শহীদ হন।
বক্তারা আরও বলেন,ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রাম থেকে তরুণদের সাহস,দৃঢ়তা ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে আজকের প্রজন্মকে বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ গঠনের জন্য সংগ্রামে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ###





















