
রিয়াজুল ইসলাম রুহী, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আলতাফ ও মানিক নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন জানায়, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





















