
রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে একজন অসহায় ভ্যান চালকের জমির ফসল নষ্ট করে রাতের আঁধারে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোকছেদ মিয়ার বিরুদ্ধে। তারাগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ০৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর (মাস্টারপাড়া) গ্রামের মৃত হেফাজ উদ্দিনের ছেলে গরিব ভ্যানচালক সাজু মিয়ার ক্রয়কৃত এবং পৈত্রিক সুত্রে পাওয়া ভোগ দখলীয় জমির ফসল রাতের অন্ধকারে নষ্ট করে দখল করার চেষ্টা করেছে প্রতিবেশী মোকছেদ আলী গং। এ ঘটনায় তারাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাজু মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, সাজু মিয়ার ভোগ দখলীয় ৭৯ শতক জমি তার মধ্যে ইউক্লাফটাস এর গাছ এবং বিভিন্ন প্রজাতির সবজি চাষ করা ছিলো। প্রতিবেশী মোকছেদ আলী গং সব গাছপালা, শাকসবজি তুলে নিয়ে গেছে এবং জমিতে হালচাষ করে সব নিশ্চিহ্ন করে দিয়েছে।
স্থানীয়রা জানান, সাজু মিয়ার দলিল এবং খাজনা-খারিজ সবকিছু ঠিক থাকার পরেও প্রভাবশালী মোকছেদ ও তার পরিবারের লোকজন অন্যায় ভাবে দীর্ঘদিন যাবত সাজু মিয়াকে হয়রানি সহ হেনস্থা করে আসছে।
প্রতিবেশী মোতাহার হোসেন এবং আইয়ুব আলী জানান, গত রবিবার ২৮ সেপ্টেম্বর রাতে সাজু মিয়ার রোপন কৃত গাছপালা এবং আবাদি শাকসবজি তুলে নিয়ে ওই জমিতে হালচাষ করেছে মোকসেদ আলী ও তার লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ###





















