পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের সচেতনতা তৈরির লক্ষ্যে আস্থা ফাউন্ডেশন-Astha Foundation-এর উদ্যোগে তিস্তা মোস্তাক আহমেদ ফাজিল বি.এ মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে আস্থা ফাউন্ডেশনের সভাপতি মো. নাঈম হোসাইন, সহ-সভাপতি মো. জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক মো. শাহজালাল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. মারুফুল কাওছাইন রোহানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আস্থা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, একটি চারা শুধু একটি গাছের সম্ভাবনা নয়; যথাযথ পরিচর্যায় তা ভবিষ্যতে ছায়া, ফল, ঔষধ ও নির্মল পরিবেশের উৎস হয়ে উঠতে পারে। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচি সফল করতে সহযোগিতা করায় মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আস্থা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগঠনের সদস্যদের সময়, শ্রম ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

সাইয়্যিদুজ্জামান সাদ নিউজ রুম এডিটর & কুড়িগ্রামের জেলা প্রতিনিধি 


















