আবুল হোসেন বাবলুঃ
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ০১ আগষ্ট শনিবার দুপুরে সমতা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, রংপুরের উদ্যোগে ফজলুল উলুম ইসলামিয়া নূরানী একাডেমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন জেলা সমবায় কর্মকর্তা জাহিদুল হাসান। সমতা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, রংপুরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা সমবায় অফিসার মনজুর মোর্শেদ তালুকদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ জাহিদুল হক, সমতা কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার মাহমুদুল হাসান, মনিটরিং অফিসার আখতারুল জামান, মাদ্রাসার অর্থ সম্পাদক আবুল কালাম এবং মহতামিম মুফতি মুকাদ্দিছুল হাবিব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং “একটি গাছ, একটি জীবন”— এই বার্তা ছড়িয়ে দিতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।












