আবুল হোসেন বাবলুঃ
কাউনিয়ায় তিন গ্রামের কৃষকদের আমন চাষ বাঁচাতে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহাবাজ গ্রামের গাজীরহাট জোড়া দিঘির পাড় সেতুর মুখে দীর্ঘদিন জমে থাকা কচুরিপানা অপসারণ করে কাউনিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কচুরিপানায় সেতুর মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়ে আশপাশের ৩টি গ্রামের আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলতি আমন মৌসুমে অনেক কৃষক সময়মতো ধানের চারা রোপণ করতে পারেননি বলে স্থানীয়দের দাবি।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কাউনিয়া বিএনপি’র স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক শাহিনুর আলম।এছাড়া কচুরিপানা অপসারণ কাজে অংশ নেন,উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় কৃষকদের ভাষ্য, সেতুর মুখ কচুরিপানায় আটকে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জমিতে দীর্ঘদিন পানি জমে ছিল। এতে আমন ধানের চারা রোপণে বিলম্ব হয়েছে। সময়মতো রোপণ করা না গেলে ফলন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা জানান। বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও দপ্তরে নিযুক্ত ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, স্থানীয় কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পানি নিষ্কাশন স্বাভাবিক হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা আমন চাষাবাদ চালিয়ে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।













