হাবিবুর রহমান হাবিব,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী জমিলা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে তারা দুজন মহাসড়কের পাশে প্রাতঃভ্রমণে (হাঁটতে) বের হন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে থাকা ওই দুই নারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।