আবুল হোসেন বাবলুঃ
রংপুরে ট্রান্সফরমার চুরিতে বাধা দেয়ায় কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে দুইজনকে জয়পুরহাট এবং গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে বগুড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়।
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় মফিজার রহমান নামের এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্তেপ্রাপ্ত দুইজন আসামিকে (১৪ জুলাই) জয়পুরহাট থেকে গোলাম রব্বানী ও গাইবান্ধা থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
নিহত কৃষক মফিজার রহমানের ভাইয়ের দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পীরগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির গভীর নলকূপ বসানো আছে। ইরি মৌসুমের সেচ দেওয়া শেষ হওয়ায় প্রতিদিন রাতে নিজের সেচঘরে থেকে বৈদ্যুতিক ট্রান্সফর্মার পাহারা দিতেন।
ঘটনারদিন গত ৭ মে ২০২৬ সকালে প্রতিবেশী শহিদুল ইসলাম মোবাইল ফোনে ভিকটিমের পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানান। লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরে ওই সেচঘর থেকে কৃষক মফিজারের হাত পা বাঁধা রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরি করার সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় নিহত কৃষকের ভাই মনুয়ার হোসেন ৭ মে রংপুর জেলার পীরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় সিপিএসসি র্যাব-১৩ রংপুর এবং সিপিসি-৩ র্যাব-০৫ জয়পুরহাট এর একটি যৌথ আভিযানিক দল ১৪ জুলাই বেলা সাড়ে তিনটায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর (রায়পুর) গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত মামলার তদন্তে প্রাপ্ত
আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সাতআনা আলীর হাট এলাকার মৃত আব্দুল ওহাব এর ছেলে গোলাম রব্বানী (২৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
একই দিন সিপিএসসি র্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাত সাড়ে আটটায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন জুনদহ বাজারে অভিযান চালিয়ে জনৈক হারুন মিয়ার মুদি দোকানের সামনে থেকে একই মামলার তদন্তে প্রাপ্ত আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত পুরান্দার গ্রামের মফিজ উদ্দিন শেখ এর ছেলে শহিদুল ইসলাম (৫৪)কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে এর আগে র্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ১২ মে রাত সাড়ে সাতটার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি রশিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।