আবুল হোসেন বাবলুঃ
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলার প্রেক্ষিতে প্রধান আসামী নারায়ণগঞ্জ থেকে র্যাবের হাতে গ্রেফতার।
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, মামলার ভিকটিম ধৃত আসামীর প্রতিবেশী। ভিকটিমের সাথে ধৃত আসামীর পূর্ব হতে প্রেমের সর্ম্পক ছিলো। সেই সুবাদে বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমের সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপন করে।
ঘটনার দিন ৩ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে মামলার এজাহারে উল্লেখিত অভিযুক্ত মানিক চন্দ্র মহন্ত ভিকটিমের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তাং ২১/০২/২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯খ।
ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক চন্দ্র মহন্ত আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামীকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ১১ মার্চ বিকেলে র্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র্যাব-১১ সিপিএসসি নারায়নগঞ্জের একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন বড় পাহাড়পুর গ্রামের মলিন চন্দ্র মহন্তের ছেলে মানিক চন্দ্র মহন্ত (৩২)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।