আবুল হোসেন বাবলুঃ
জমিজমা সংক্রান্ত ও রাস্তা নিয়ে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার আসামি আনারুল ইসলাম (৫০)কে গ্রেফতার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)। গ্রেফতারকৃত আনারুল জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে সাতটার দিকে চলাচলের রাস্তা ও পূর্ব শত্রুতার জেরে মকবুল হোসেন (৫৬) প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১ টায় মকবুল হোসেন মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২১। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল।
উক্ত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি তাদের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর ২০২৬ আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় নীলফামারী জেলার ডিমলা থানাধীন জিহাদ বাজার গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআরবি'র পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।