আবুল হোসেন বাবলুঃ
রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ জন প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকৃতরা অনেকেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে চিড়িয়াখানাসহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দেয়। অনেক সময় তারা অশ্লীল কাজের সঙ্গেও জড়িয়ে পড়ে। ইদানীং অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যেতে লজ্জা ও সংকোচ বোধ করেন।
ডিসি ডিবি সনাতন চক্রবর্তী আরও বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে এমন অভিযোগ ছিল। অবশেষে আরপিএমপি'র কমিশনার আব্দুল মাবুদ এর নির্দেশনায় আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১৩ জন ছেলে এবং ১৪ জন মেয়েসহ মোট ২৭ জনকে আটক করে মহানগর কোতোয়ালী থানায় সোপর্দ করতে সক্ষম হয়। আটকৃতরা অনেকেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।