আবুল হোসেন বাবলুঃ
রংপুর ও নীলফামারীতে পৃথক পৃথক অভিযানে ২৫৮ পিস ইয়াবা এবং ১৮ বোতল এস্কাফ জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রাণ ডেইরী হাব এর সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় শাহ ফতেহ আলী এর একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশীকালে যাত্রীর ছদ্মবেশধারী দুইজনের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে বিশেষ কায়দায় মোড়ানো ২৫৮ পিস ইয়াবা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ধনু মেম্বার এর বাড়ি এলাকার বজলুর রহমানের ছেলে সোহেল (৪৩) এবং রংপুর জেলার সদর কোতোয়ালি থানাধীন কুরশা বলরামপুর গ্রামের মোকছেদুর রহমান এর ছেলে ফুয়াদ হোসেন (৩৯)।
অপরদিকে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট বিকালে পৃথক আরো একটি অভিযানে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর ভেরভেরী সাকিনস্থ জনৈক মোঃ মবু @ মবু ডাকাত (৫৫) এর বসতবাড়ী সংলগ্ন পূর্ব পার্শ্বে লিচুর বাগানের ভিতর অভিযান চালায়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ১৮ বোতল এস্কাফ জব্দসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ধাইজান পুটিমারী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বেলাল হোসেন (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।