খান মোহাম্মদ রুবেল হোসাইন
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ এবং অর্থনীতির চাকা সচল রাখতে মৎস্যচাষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাষীদের উৎসাহিত করতে সরকারি সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, মৎস্য খাতের উন্নয়নে সফল চাষীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার কৃতী ও সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার এবং মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।