মোঃ শাহজাহান বাশার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
গত ২২ আগস্ট ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোঃ শামীম হোসেনের নেতৃত্বে র্যাব-৭ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোট ১০ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মুন্সীগঞ্জের মোহনপুরের মোঃ বিল্লাল (২৬), চাঁদপুরের কান্দিরপারের আব্দুর রহিম (৪৫), কুমিল্লার বড়ুড়ার জামিল ইসলাম (৪০), ভোলার চরফ্যাশনের রুবেল (৩০), ভোলার নীলকমলের দেলোয়ার (৪২), মুন্সীগঞ্জের গজারিয়ার পারভেজ সিকদার (২২), কুমিল্লার হোমনার মোঃ ইয়ার হোসেন (৩৫), বরিশালের বাউফলের মোঃ আল-আমিন (৪৬), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়ার মোঃ আমির হোসেন (৪১) এবং শরীয়তপুরের সখিপুরের মোঃ মিলন (৪২)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে।