মোঃ শাহজাহান বাশার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, হত্যা, ধর্ষণচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, চুরি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০০ পুরিয়া হেরোইন ও ১০টি ইয়াবা ট্যাবলেট।
সোমবার (২০ জুলাই) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে মিজমিজি এলাকা থেকে মো. জসিম (৩৮) এবং মিজমিজি বাতানপাড়া এলাকা থেকে মো. ইব্রাহীম আকাশ (২৭)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে হত্যা মামলার আসামি মো. সাকিল (৩৫), ধর্ষণচেষ্টা মামলার আসামি রাকিবুল ইসলাম মো. রবিন (৩০), ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. আলী আজগর (৪৫), চুরি মামলার আসামি নার্গিস ও মো. রিদয় হাসান (২২), বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি মো. সালাম (৩২) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, "অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস, ছিনতাই, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।"
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।