খান মোহাম্মদ রুবেল হোসাইন
কুমিল্লা প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ৯ নম্বর বাকই উত্তর ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা এবং কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে লালমাই থানা এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে মাদক ব্যবসা, পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে র্যালি ও সমাবেশের কার্যক্রম শেষ হয়।