আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার পর বালি চাপা দেওয়ার ঘটনায় এজাহারনামীয় আসামীকে গাজীপুর জেলার কোনাবাড়ী হতে গ্রেফতার।
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে শনিবার ১৬ আগস্ট র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের আব্দুর রশিদ এর ছেলে আব্দুর রহমান @ রোমান (৬) এবং একই ইউনিয়নের নগরবন্দ গ্রামের জাকিরুল হক এর ছেলে মারুফ হোসেন (৮)। প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। পরবর্তীতে শিশুদের পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের সংবাদটি মাইকে প্রচার করে। বুধবার আনুমানিক বেলা পৌনে ২টার দিকে ঘাঘট নদী সংলগ্ন আজহারুলের অবৈধ বালুর পয়েন্ট হতে স্থানীয় লোকজন শিশু রোমানের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় একই স্থান থেকে বালু চাপা দেয়া অবস্থায় মেশিন দিয়ে বালু অপসারণ করার পর শিশু মারুফ এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় নিহত শিশু আব্দুর রহমান @ রোমানের পিতা বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তারিখঃ ০৭/০৮/২০২৫ ইং ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।
বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়াসহ ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ও র্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ একটি আভিযানিক দল ১৫ আগস্ট সন্ধ্যা সোয়া সাতটার দিকে জিএমপি গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে রংপুরের চাঞ্চল্যকর ২ শিশু হত্যা মামলার এজাহারনামীয় একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার গংগাচড়া থানাধীন আলমবিদিতর ইউনিয়নের সিটপাইকান গ্রামের মৃত আনোয়ারুল ইসলাম এর ছেলে মনু মিয়া (২৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###