রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের মামলার প্রধান আসামী মো. মিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৩। তিনি রংপুরের রাজেন্দ্রপুর (কানপাড়া) এলাকার কফুল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মিন্টু মিয়া পেশায় একজন কবিরাজ। তিনি চিকিৎসার নাম করে মাঝে মাঝে ভিকটিমের বাড়িতে যেতেন এবং এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে সুস্থ না হওয়ার ভয় দেখান। সর্বশেষ গত ১ জুলাই দুপুরে তিনি ভিকটিমের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর ভিকটিম বাদী হয়ে হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫/৬০, তারিখ- ৮ আগস্ট ২০২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটে র্যাব-১৩ এর সদর কোম্পানির একটি অভিযানিক দল কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে আসামী মিন্টু মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।