
মোঃআবু সাঈদ ইসলাম
নাগেশ্বরী উপজেলা (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসায় নতুন গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সভাপতি ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মো. সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারি।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকছেদ আলী, শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য ও নিরাপত্তা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নতুন গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গেট নির্মাণ সম্পন্ন হলে মাদ্রাসার প্রবেশপথের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মাদ্রাসার সভাপতি সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এই গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাদ্রাসার সহ-সভাপতি মো. সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয়রা মাদ্রাসার এ উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সৌন্দর্য ও নিরাপত্তা দুটোই বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।