প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নিয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন। পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন সাদ্দামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক।
প্রত্যন্ত এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ রক্তের গ্রুপ পরীক্ষা করাতে সেখানে আসেন। আয়োজকদের মতে, চরাঞ্চলের অনেক মানুষ এখনো নিজেদের রক্তের গ্রুপ জানেন না। ফলে দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজন হলে সময়মতো রক্তের ব্যবস্থা করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এসব সমস্যা কমাতেই স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
রক্তের গ্রুপ পরীক্ষা করাতে আসা স্থানীয় বাসিন্দা মোছা. শারমিন নাহার বলেন, আগে তিনি নিজের রক্তের গ্রুপ জানতেন না। প্রত্যন্ত এলাকায় এসে বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে তিনি উপকৃত হয়েছেন। এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে চরাঞ্চলের আরও অনেক মানুষ স্বাস্থ্যসেবা ও সচেতনতার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মসূচির উদ্যোক্তা মো. সাহাদৎ হোসেন সাদ্দাম বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ, উপদেষ্টা মো. শাহাদত হোসাইন সাদ্দাম, সভাপতি মো. ময়েন উদ্দিন তিস্তি, সাধারণ সম্পাদক বিএম নিরব সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্য।
আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের প্রতি মানুষের আগ্রহ তৈরি এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও প্রত্যন্ত এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।